রাজধানীর শাহবাগ মোড়ে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং শাহবাগ মোড়ের অবরোধ তুলে নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল কর্মী গত ৩১ জুলাই সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আজ (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আরেকটি পক্ষ, যারা নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে, সেখানে উপস্থিত হয়ে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে উদ্যোগ নেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি।
পরে রমনা জোনের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ের যান চলাচল স্বাভাবিক করে।
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকায় আমরা বাধ্য হয়ে হস্তক্ষেপ করি। কেউ যাতে আইন হাতে না নেয়, সে কারণে পুলিশ ব্যবস্থা নিয়েছে।”
সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় ও অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শাহবাগ মোড়ের অবরোধের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পুলিশের হস্তক্ষেপের পর ওই এলাকায় ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

0 Comments